ইউপি নির্বাচনে পরীক্ষার্থীদের ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে আজ (রোববার) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে ইউপি নির্বাচনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিন করা হয়েছে। যে দিন নির্বাচন রয়েছে সেদিন পরীক্ষা নেই। তাই নির্বাচন হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ঝড়ে পড়ার সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। ২০০৭-০৮ সালে এইচএসসি পরীক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা ছিল ২৫ শতাংশ। যা আমরা কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের সাফল্য।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি কমিটি করা হয়েছে। র্যাব-পুলিশ সবাই এ বিষয়ে মনিটরিং করছে। আগে বিজি প্রেসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হত। এখন ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানো হয়। এ বছর এমন কোনো অভিযোগ পাইনি।
প্রসঙ্গত, রোববার সকাল থেকে দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথমবারের মতো এবার আগে ৫০ মিনিটে এমসিকিউ অংশ এবং ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় সৃজনশীল অংশের পরীক্ষা নেয়া হচ্ছে।
এআর/আরএস/এমএস