পাকিস্তানে ভারী বর্ষণে ভবন ধসে নিহত ৩৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে ভবনের ছাদ ধসে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২৭ জন। রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্র বলেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শনিবার রাতে শুরু হওয়া প্রবল বর্ষণে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ৩৬ হলেও প্রত্যন্ত অঞ্চলে আরো প্রাণহানি হতে পারে।
তবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কোহিস্তানে। এ এলাকায় বৃষ্টিতে ১২ জন নিহত হয়েছে। এছাড়া শাংলা জেলায় বৃষ্টি ও ভূমিধসে ১০ জন মারা গেছেন। প্রত্যন্ত অঞ্চলে নিম্নমাণের তৈরি কিছু বাড়ি শীতকালীন এ বর্ষণে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত মৌসুমে বর্ষাকালে ভারী বর্ষণে অন্তত ৮১ জন নিহত হয়। এছাড়া বৃষ্টিতে ক্ষতির শিকার হয় দেশটির ৩ লাখ মানুষ।
এসআইএস/এবিএস