ট্রাম্পের ডাকে ‘না’

ইরান যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য–জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৬ মার্চ ২০২৬
ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি যুক্তরাজ্য–জার্মানি/ ফাইল ছবি: তেহরান টাইমস

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিচ্ছে না ইউরোপের গুরুত্বপূর্ণ দুই দেশ যুক্তরাজ্য ও জার্মানি। তারা স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বৃহত্তর যুদ্ধে পরিণত হলেও তাতে যুক্তরাজ্য জড়াবে না। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে হরমুজ প্রণালি সচল করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বর্তমানে সংঘাতের কারণে কার্যত বন্ধ রয়েছে।

স্টারমার বলেন, যুক্তরাজ্য নিজেদের ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না। তিনি জানান, জাহাজ চলাচল ফের চালুর জন্য যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশ এবং ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে।

দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাত যত দীর্ঘ হবে পরিস্থিতি তত বিপজ্জনক হয়ে উঠবে এবং এর প্রভাব যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয়ের ওপরও পড়বে।

ন্যাটোর যুদ্ধ নয়: জার্মানি

অন্যদিকে জার্মান সরকারও স্পষ্টভাবে জানিয়েছে, হরমুজ প্রণালি নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তারা অংশ নেবে না।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস সোমবার বার্লিনে সাংবাদিকদের বলেন, এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই।

তার কথায়, ‘এটি ন্যাটোর যুদ্ধ নয়। ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট, যার মূল কাজ সদস্য দেশগুলোর ভূখণ্ড রক্ষা করা।’

তিনি জানান, যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা রাখতে সামরিক উদ্যোগেও জার্মানি অংশ নেবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইউরোপীয় মিত্রদের সঙ্গে কোনো পরামর্শও করেনি।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তা না করলে ন্যাটো মিত্রদের জন্য ‘খুব খারাপ ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। তবে যুক্তরাজ্য ও জার্মানির অবস্থান থেকে স্পষ্ট হয়েছে, তারা এই সংঘাতে সরাসরি সামরিকভাবে জড়াতে আগ্রহী নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান, পলিটিকো
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।