খালেদার আত্মসমর্পণ : থমথমে আদালত চত্বর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালত চত্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। একদিকে খালেদা জিয়ার আদালতের ভেতরে অবস্থান অন্যদিকে বাহিরে নেতাকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান। সব মিলিয়ে পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে আদালত চত্বরে অবস্থান নেয়া দলটির নেতাকর্মীদেরকে ধীরে ধীরে সরিয়ে দেয়ার প্রক্রিয়া অব্যহত রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে আদালতের সামনে অবস্থান নেয়া বিএনপির নেতাকর্মীরা পিছু হটলেও আশপাশের এলাকায় অবস্থান করছেন। সেখান থেকেই তারা বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন।
অন্যদিকে, বেলা ১১টার পর থেকে গণমাধ্যম কর্মীদের আদালতের বাহিরে অবস্থানের বিষয়েও কড়াকড়ি আরোপ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে আদালতের পাশেই অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও এই পথে চলাচলে বাধা দেয়া হচ্ছে।
দেখা গেছে, পরীক্ষার কথা বলা সত্ত্বেও এ পথ দিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করতে না দিয়ে ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীদেরকে আদালতের সামনে থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সকাল থেকে সদরঘাট থেকে ঢাকায় প্রবেশের রাস্তা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এ পথের যাত্রীরা।
এমএম/আরএস/পিআর