পুলিশি বাধায়ও আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীরা
আইনশৃঙ্খলা বাহিনীর সর্তক অবস্থান নেয়া সত্ত্বেও পুরান ঢাকায় অবস্থিত সিএমএম আদালত চত্বর ত্যাগ করেননি বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টা থেকে কোর্ট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে দেখা গেছে, মহানগর দায়রা জজ আদালত থেকে দুই মামলায় জামিন শেষে সিএমএম কোর্টে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদার আদালতে অবস্থানকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা এখন সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। 
এদিকে নেতাকর্মীদেরকে সরে যেতে পুলিশ বারবার অনুরোধ করা সত্ত্বেও স্থান পরিবর্তন করে ফের আদালতের আশপাশেই অবস্থান অব্যাহত রেখেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকবার পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে এ রুটে চলাচলকারী যানবাহন এখনো বন্ধ রয়েছে।
এদিকে পাঁচ মামলার সবকটিতেই খালেদা জিয়া জামিন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে সকাল থেকে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হয়রানি করতেই মিথ্যা মামলায় বারবার আদালতে আনা হচ্ছে বলেও মনে করেন দলটির নেতাকর্মীরা।
এমএম/জেএইচ/এমএস