বাংলাদেশে আইপিএল সম্প্রচারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৮ মার্চ ২০২৬

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই। তিনি একে রাজনৈতিকভাবে বিবেচনা করতে চান না। বরং, বাণিজ্যিকভাবেই বিবেচনা করতে চান এবং সে হিসেবে কেউ আইপিএল সম্প্রচারের আবেদন নিয়ে এলে ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে জানান তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপনের এই বক্তব্য নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সংবাদ প্রকাশ করে, ‘বাংলাদেশ ওপেন ডোর টু আইপিএল ব্রডকাস্ট।’ ক্রিকবাজের এই সংবাদ দেখে আজ বাংলাদেশের প্রায় সব ক’টি মেইনস্ট্রিম মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়, ‘নিষেধাজ্ঞার অবসান, বাংলাদেশে দেখা যাবে আইপিএল ‘- এই শিরোনামে।

এ বিষয়ক সংবাদ প্রচার হলে তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নজরে আসে। যে কারণে আজ (শনিবার) বিকেল নাগাদ মন্ত্রণালয় থেকে প্রতিবাদ জানিয়ে, বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিষয়ে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক গণমাধ্যমে পাঠানো, ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ শিরোনামে বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘Govt lifts bar on IPL telecast in Bangladesh- শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে।’

‘উল্লেখ্য আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’

প্রসঙ্গতঃ উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনার জল গড়িয়েছিল বহুদূর।

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড। শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো খেলতে চাইলেও আইসিসি জানিয়ে দেয় খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। শেষ পর্যন্তও বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় আর খেলা হয়নি টি-২০ বিশ্বকাপ।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় তখনকার অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে। যা এখনও তোলা হয়নি বলে জানাচ্ছে বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।