আদালত অবমাননার অভিযোগে আবুল বারাকাতকে লিগ্যাল নোটিশ


প্রকাশিত: ০৫:৩১ এএম, ০৬ এপ্রিল ২০১৬

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর আবুল বারাকাতের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বুধবার সকাল ৯টার দিকে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ডাক ও রেজিস্ট্রি যোগে এই নোটিশ পাঠান। জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালত অবমাননার জবাব না দিলে সংবিধান অনুযায়ী তার (আবুল বারাকাত) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, যেখানে মন্ত্রীকে আদালত অবমাননার অভিযোগ শাস্তি হিসেবে অর্থদণ্ড দেয়া হয়েছে, তার চেয়ে বেশি গুরুতর আদালত অবমাননা করেছেন আবুল বারাকাত।

তিনি আরো বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সামনেই তিনি বিচার বিভাগ নিয়ে মন্তব্য করেছেন। তার অপরাধ আমারদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের চেয়েও মারাত্মক, কারণ মাহমুদুর রহমান শুধু বলেছিল ‘চেম্বার কোর্ট মানেই স্টে’, তিনি তার চেয়ে কঠিন কথা বলেছেন। তাই তাকে ২৪ ঘণ্টার মধ্যে এই আদালত অবমাননার জবাব দিতে হবে। সঠিক সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করা হবে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাত গবেষণার তথ্য তুলে ধরে বলেন, আমার বলতে দ্বিধা নেই, গবেষণাভিত্তিক কথা এটা, লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আইনের রায় বেচাকেনা হয়।

আবুল বারাকাতের এমন তথ্য দিয়ে বক্তৃতার করার পর জবাবে প্রধান বিচারপতি বলেন, “আমি স্ব-দর্পে বলতে পারি আমার বিচার বিভাগে কোনো মামলায় রায় বিক্রি হয় না।” হ্যাঁ, এখানে হচ্ছে, আমি অস্বীকার করছি না। বড়জোড় এটা পাঁচ থেকে ১০ শতাংশ হতে পারে।

অর্থনীতিবিদ ড. আবুল বারাকাতের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন,  “যে এই প্রশ্ন তুলেছেন আপনি তো একটা প্রতিষ্ঠানের প্রধান (চেয়ারম্যান) ছিলেন, আপনি কি সবার লোন (ঋণ) দিতে পেরেছেন।”

তিনি বলেন, বিচার বিভাগ আলাদা কোনো দ্বীপের মতো না। এখানে (সমাজে) ইরেগুলারিটিজ চলবে, আমার-আপনার ছেলে মেয়েরাই এ দেশের বিচারক। এ আইনজীবীরাও এ দেশের। আমরা সবার সঙ্গেই মিশে আছি। আর হঠাৎ বিচার বিভাগের সদস্যরা ফেরেশতা হয়ে যাবে- এটা কোনোমতেই আশা করা যায় না। এটা করলে আপনারা ভুল করবেন।

প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগ নিয়ে ওপেন কৃটিসাইজ করবেন না, কিছু কিছু ত্রুটি আছে, সেটাই রেগুলেটরি হয়।”

তিনি বলেন, আপনারা কি জানেন রাত ৯ টা পর্যন্ত বিচার বিভাগের কাজ চলে। শুক্র -শনিবারেও আদালত চলে।

এফএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।