মিরপুরে মা-মেয়েসহ ৪ জন এসিড দগ্ধ


প্রকাশিত: ০৩:৫১ এএম, ০৭ এপ্রিল ২০১৬

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে ঝলসে গেছে মা-মেয়েসহ একই পরিবারের চার সদস্য। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিরপুরের রূপনগরের ৪৫০/সি-১ নম্বরের টিনসেডের বাড়িতে বসবাসরত একটি পরিবারের সদস্যদের ওপর দুর্বৃত্তরা এসিড নিক্ষেপ করে। এতে গৃহবধূ মাসুদা আক্তার, মেয়ে রিমা (৯), বোন নিলুফা (৩২) এবং স্বামী সুরুজ আলী (৪০) দগ্ধ হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে।

আহত গৃহবধূ মাসুদা আক্তার জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় কে বা কারা তাদের ওপর এসিড নিক্ষেপ করে। এতে তিনিসহ পরিবারের চার সদস্য আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী সুরুজ আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন গৃহবধূ মাসুদার শরীরের বেশিরভাগই এসিডে ঝলসে গেছে। এছাড়া মেয়ে রিমা, বোন নিলুফার বেশ কয়েক স্থান এবং স্বামী সুরুজ আলীর শুধু হাত দগ্ধ হয়েছে।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।