তোমার জন্য নিয়ে ফিরছেন মেজবা রহমান


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৭ এপ্রিল ২০১৬

ব্যান্ড তারকা মেজবা রহমান বাংলাদেশের সংগীত জগতের পরিচিত মুখ। তিনি জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ’র সাথে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরে। নব্বই দশকের সাড়া জাগানো গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ তারই গাওয়া।

দীর্ঘদিন বিরতির পর আবারো কিছু ভালো গান নিয়ে আসছেন শ্রোতাদের সামনে। তবে এবার আর দলবেধে নয়, একাই আনছেন একক অ্যালবাম। ‘তোমার জন্য’ শিরোনামের অ্যালবামটি তিনি পহেলা বাংলা নববর্ষ উপলক্ষে শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন।

আগামী শনিবার, ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যালবামটির মোড়ক উন্মোচন হবে। এটি বাজারে আনবে জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।

মেজবা রহমান নিজের অ্যালবামটি বলেন, ‘বহুদিন পর কিছু নতুন গান নিয়ে হাজির হচ্ছি শ্রোতাদের সামনে। মনে অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমার ক্যারিয়ার শুরুর সেই সময় আর নেই, গান ও শ্রোতাদের ধরণেও পরিবর্তন এসেছে। তাই নিজেকে ভেঙে সময়ের সাথে তাল মিলিয়ে গান করতে হয়েছে।’

তিনি আরো বলেন, ‘গানগেুলোর কথা খুব সুন্দর। আর নতুন প্রজন্মের সংগীত পরিচালকদের আয়োজনে গেয়েছি। বেশ শ্রুতিমধুর হয়েছে সেগুলো। আশা করছি ভালো লাগবে সবার।’

মেজবা রহমান জানালেন, অ্যালবামের গান আছে মোট ৮টি। তারমধ্যে টাইটেল ট্র্যাকে শিল্পীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ফাহমিদা নবী। বাকি সাতটি গানে একাই কণ্ঠ দিয়েছেন মেজবাহ রহমান। এখানে গানের কথা লিখেছেন সোহেল রাজ, ডাবলু রহমান, মেজবা রহমানসহ আরো অনেকেই। ৬টি গানের সুর-সংগীত করেছেন সোহেল রাজ ও দুটি গানের আয়োজনে ছিলেন সালমান আজমী। তারমধ্যে সোহেল রাজের সংগীত পরিচালনায় ‘বাবা’ শিরোনামের গানটির সুর ও সংগীতের মূল ভাবনায় আছেন পার্থ বড়ুয়া।

অ্যালবামে শ্রোতারা ‘মরনজানি’, ‘দিনে দিনে’, ‘তুমি আসবে বলে’, ‘রাজা যায়’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘তোমার জন্য’ ইত্যাদি শিরোনামের গানগুলো শুনতে পাবেন।

মেজবা রহমান আরো জানালেন, বৈশাখের বাড়তি চমক হিসেবে অ্যালবামের ‘মরনজানি’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ধারাবাহিকতায় অন্য গানগুলোও ভিডিও আকারে প্রকাশ করা হবে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।