বাজারে সুমন্তের প্রথম আবৃত্তি অ্যালবাম
সম্প্রতি আবৃত্তিমেলা থেকে প্রকাশ হয়েছে তরুণ বাচিকশিল্পী সুমন্ত গুপ্তর প্রকৃতি ও প্রেমের কবিতা নিয়ে প্রথম একক আবৃত্তি অ্যালবাম ‘ভালোবাসা বায়বীয়’। অ্যালবামটি সাজানো হয়েছে বরেণ্য ১৫ জন কবির ১৫টি কবিতা আবৃত্তি দিয়ে। এতে সুমন্তের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন ফারহানা আক্তার মিষ্টি।
অ্যালবামের কবিতাগুলো হলো কবি শিহাব শাহরিয়ারের ‘দূরে ওড়ে শঙ্খচিল’, হুমায়ূন আজাদের ‘আমাকে ভালোবাসার পর’, ফজল শাহাবুদ্দিনের ‘চৌপট্টি বীচে, সন্ধ্যালগ্নে’, মোফাজ্জল করিমের ‘বৃষ্টি মানে’, জাহিদ হায়দারের ‘জন্মান্ধের সৌন্দর্য বর্ণনা’, প্রেমেন্দ্র মিত্রের ‘ঝড় যেমন করে জানে অরণ্যকে’, আবু হেনা মোস্তফা কামালের ‘অন্তরঙ্গ গান’, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘নীলনির্জন’, আবু হাসান শাহরিয়ারের ‘নদীর পাশে একা’, রামচন্দ্র পালের ‘কৃষ্ণকলি ও শ্রাবণসখা’, জয় গোস্বামীর ‘হাঁস’, হেলাল হাফিজের ‘অচল প্রেমের পদ্য’, রাজলক্ষ্মী দেবীর ‘এখনকার কবিতা’, তারাপদ রায়ের ‘আমার ডুগডুগি’ এবং তাপস মজুমদারের ‘জনারণ্যে সীদ্ধার্থে গৌতম’।
অ্যালবামটি পরিচালনা করেছেন মাহিদুল ইসলাম। আবহ বিন্যাস মো. সেলিম, কারিগরি সহায়তায় ভয়েস ক্রিয়েটিভ জোন এবং প্রচ্ছদ করেছেন নাহিদ। আবৃত্তিমেলা পরিবেশিত সুমন্তের এই অ্যালবামটি পাওয়া যাবে আবৃত্তিমেলার স্টলসহ ফ্যাশন হাউজ বিশ্ব রং এর সকল শো-রুমে।
উল্লেখ্য, সিলেটের সন্তান সুমন্ত গুপ্ত ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের আঞ্চলিক সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত ছিলেন দীর্ঘদিন। কাজ করেছেন সিলেট বেতার কেন্দ্রে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি সিলেটের অন্যতম প্রতিষ্ঠাতা সুমন্ত শুদ্ধধারায় সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নিরলস কাজ করতে নিজেকে দক্ষ আবৃত্তিশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
এনই/বিএ