স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও শপথ আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, ৩০ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি)। এদিন বিকেল ৩টায় বসবে সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতবারের মতো এবারও স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে শামসুল হক টুকুকে মনোনীত করেছে। ফলে অধিবেশনের প্রথমদিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ভোটের পর তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

জানা গেছে, সংসদে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবারও ভোটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিজয়ী হবেন। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর অধিবেশন কিছু সময় মুলতবি রাখা হবে। ওই সময় রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। অর্থাৎ, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা শপথ নেবেন।

শপথ নেওয়ার পর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে শুরু হবে সংসদের অধিবেশন বৈঠক। বৈঠক শুরুর পর নতুন স্পিকার সংসদে শোক প্রস্তাব উত্থাপন করবেন। এরপর মোনাজাত শেষে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখা হবে। আবার সংসদের বৈঠক শুরু হলে স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি করা হবে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, প্রথম অধিবেশনেই সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৯ সালে ৩০ জানুয়ারি। সে হিসাবে গতকাল ২৯ জানুয়ারি শেষ হয়েছে একাদশ সংসদের মেয়াদ।

আইএইচআর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।