আম প্রতীক নিয়ে ইসিতে শুনানি


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৫ এপ্রিল ২০১৬

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীক নিয়ে বিরোধ উত্থাপনের পর দু`পক্ষের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে শেখ শওকত হোসেন নিলু এবং ড. ফরিদুজ্জামান ফরহাদ এই দুই পক্ষের কাছ থেকেই প্রয়োজনীয় দলিল-পত্র নিয়েছে সংস্থাটি। তবে নিলুর পাল্লা ভারী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার এ শুনানি হয়।

সূত্র জানিয়েছে, গত ডিসেম্বরে আম প্রতীক চেয়ে ফরহাদ ইসিতে দাবি জানালে বিরোধটি আমলে নেয় নির্বাচন কমিশন। এরপর বিরোধ মিমাংসায় গত ১৫ এপ্রিল দু`পক্ষের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। তবে ওই সময় নিলু শুনানিতে এলেও ফরহাদ সময় চেয়ে আবেদন করেন। পরবর্তীতে ২৫ এপ্রিল তাকে শুনানির জন্য সময় দেওয়া হয়। সে মোতাবেক সোমবার ফরহাদের শুনানিও সম্পন্ন হলো।

জানা যায়, ২০১৪ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ড. ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে এনপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কিন্তু সম্প্রতি সে নিজেকে দলটির কর্ণধার দাবি করে আম প্রতীক চান। তবে এ নিয়ে নিলু কোনো অভিযোগ করেননি।

ইসি কর্মকর্তারা জানান, দুপক্ষের শুনানি সম্পন্ন হয়েছে। বর্তমানে দলিল-পত্র বিশ্লেষণ করে দেখা হচ্ছে। দুপক্ষের যুক্তি অনুযায়ী, দু`পক্ষই গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। কেননা, দলটির গঠনতন্ত্রে পরপর দুবারের বেশি সভাপতি, মহাসচিব পদে থাকার বিধান নেই। কিন্তু নিলু ও ফরহাদ দুজনই দুবার সভাপতি, মহাসচিব পদে ছিলেন।

তবে ফরহাদ ইসিতে অভিযোগ দায়েরের এক বছর আগেই দলের গঠনতন্ত্র সংশোধন করে ওই বিধানটি তুলে দেওয়া হয়। তাই দুবারের বেশি সভাপতি পদে থাকতে বাধা নেই।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।