কারারক্ষী খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সাবেক কারারক্ষী রুস্তম আলী হাওলাদার খুনের ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় হিমেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ছোট ভাইয়ের মেয়েকে (ভাতিজি) উত্যক্ত ও অপহরণ করার হুমকি দেয়ায় রুস্তম এর প্রতিবাদ করতেন। এ ঘটনার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে নিহতের পরিবার ধারণা করছেন। মামলায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার বিষয়টি উল্লেখ করেছেন।
মামলার আসামিরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের দেওলিয়াবাড়ির হাসান আলীর ছেলে মো. হিমেল (২২), একই এলাকার কাসেম আলী মাদবরের ছেলে আলতাফ (২৭), আব্দুস সালামের ছেলে আকাশ (২২) ও তাইজুদ্দিনের ছেলে সোহরাব (২২)।
জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এনামুল হক জানান, নিহতের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা করেছেন।
উল্লেখ্য, সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সাবেক কারারক্ষী মো. রুস্তম আলী হাওলাদার দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এ ঘটনা তদন্তে জেলা পুলিশ এবং কারা কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছেন।
আমিনুল ইসলাম/এসএস/পিআর