তারেক রহমানের সঙ্গে নির্বাচনি বিতর্কে বসতে চান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমান ও ডা. শফিকুর রহমান, ফাইল ছবি

 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে নির্বাচনি বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আস্থার অভাব থাকলে কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা আসে।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর তরুণদের কাছে রাজনীতিকে সভ্য, সহনশীল ও সংঘাতমুক্ত হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক নেতাদের দায়িত্ব। তিনি বলেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে সমালোচনার মুখে উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করা প্রয়োজন।

তারেক রহমান তার ইশতেহার উপস্থাপন করেছেন উল্লেখ করে জামায়াত আমির উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানান। ডা.শফিকুর রহমান বলেন, উন্মুক্ত আলোচনায় উভয় পক্ষ নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরবেন এবং সিদ্ধান্ত নেবে জনগণ।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণের রায়কে সম্মান করার অঙ্গীকারের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করা জরুরি।

আরএএস/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।