সবাই মিলে দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রোববার বিকেলে মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান/ছবি: জাগো নিউজ

দেশের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে এবং সবাই মিলে দেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে সব শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারেক রহমান বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সব শ্রেণিপেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই দেশ এগিয়ে যাবে। দেশ গঠনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, দেশের শিশুদের মেধা বিকাশ, কৃষকদের জীবনমান উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারীদের উন্নত জীবনব্যবস্থা নিশ্চিত করা বিএনপির অন্যতম লক্ষ্য। পরিপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দেশের প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া হবে।

চিকিৎসা ব্যবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত কয়েক বছরে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে উন্নত দেশের মতো আধুনিক ও সবার জন্য সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, দেশের বিদ্যমান সংকটগুলো কাটিয়ে উঠতে ধারাবাহিক ও বাস্তবভিত্তিক নতুন পদক্ষেপ নেওয়া হবে। আমরা সবাই মিলে দেশকে নতুন করে গড়ে তুলতে চাই।

পথসভায় ঢাকা-১৫ আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শফিকুল ইসলাম খানকে বিজয়ী করার আহ্বান জানান।

কেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।