শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলাম খানের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শ্রমজীবী মানুষের অধিকার ও তাদের জন্য দলীয় অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এ আহ্বান জানান। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, তিনি নিজেকে শ্রমিক পরিচয়ে অভিহিত করে শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি লেবার বোর্ড ও লেবার ফাউন্ডেশনের মতো উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছিলেন।
বিএনপির এ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে বলেন, বিদেশে থেকেও তিনি গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে শ্রমজীবী মানুষের কল্যাণে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন।
বর্তমান সময়ে শ্রমিকদের সব দাবি একসঙ্গে পূরণ হওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে শ্রমজীবী মানুষের স্বার্থে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, তিনি ১৯৭৮ সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত এবং শ্রমিক দলের প্রতিষ্ঠাকাল থেকে কাজ করছেন। এজন্য শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক কর্মী যদি আগামী এক বছরে অন্তত দুজন করে নতুন সদস্য যুক্ত করেন, তাহলে সংগঠন আরও শক্তিশালী হবে। সংগঠনের শক্তি বাড়লে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী হলে শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।
সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
কেএইচ/একিউএফ