খালেদাকে উস্কানি দেয়া থেকে নিবৃত্ত রাখা হয়েছে : ইনু


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্দী বা গ্রেফতার নন, তাকে উস্কানি দেয়া থেকে নিবৃত্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কর্মীদের বাদ দিয়ে আন্দোলনে ব্যর্থ ও হতাশ হয়ে বেগম জিয়া এখন জনগণের ওপর রাগ ঝাড়ছেন। শিক্ষার্থী, অসুস্থ্য মানুষ এমনকি ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লি কারোরই ধার তিনি ধারছেন না। জঙ্গী মৌলবাদীদের নিয়ে যে কোন উপায়ে ক্ষমতায় যেতে তিনি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

ইনু বলেন, বেগম জিয়া স্বাভাবিক রাজনীতি বোঝেন না। বিগত নির্বাচনের ন্যায় আবারও মৌলবাদী ও জঙ্গীবাদীদের সাথে নিয়ে একই ধাচের চক্রান্ত করছেন।

তিনি খালেদা জিয়াকে অন্তর্ঘাত ও নাশকতার উস্কানীদাতা আখ্যা দিয়ে বলেন, অবরোধের নামে বিএনপি নেত্রী বাস পোড়ানো, মানুষ খুন ও অরাজকতা সৃষ্টি করে চলেছেন। কিন্তু সরকার জনগণের জান-মালের ক্ষতি বরদাস্ত করবে না।

খালেদা জিয়ার দেয়া ৭ দফা প্রস্তাবকে পুরনো কাসুন্দি উল্লেখ করে ইনু বলেন, এ প্রস্তাবে নতুনত্ব কিছু নেই। কিভাবে নির্বাচন হবে সে বিষয়ে সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে। পাশাপাশি এ বিষয়ে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। আসলে খালেদা জিয়া নির্বাচনই চান না।

তিনি বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর সকলের মতামতের ভিত্তিতে তত্তাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। বিগত সময়ে ইয়াজ উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে সকলেই অবগত আছেন। ওই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে।

এ সময় জঙ্গীবাদ ও মৌলবাদ মুক্ত দেশ গড়তে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান তথ্যমন্ত্রী।

সম্মেলনে সভাপতিত্ব করেন- জাসদ খুলনা মহানগর শাখার সভাপতি রফিকুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।