২০১৯ সালের আগে কোন সংলাপ হবে না : নাসিম


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৮ জানুয়ারি ২০১৫
ফাইল ফটো

বিএনপির সাথে ২০১৯ সালের আগে নির্বাচন নিয়ে কোন সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার বিকেলে গাইবান্ধা জেলার পলাশ বাড়ী উপজেলার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ১৪ দলের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর এই সদস্য বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের মাধ্যমে ৫ বছরের জন্য দেশের জনগণ দেশ পরিচালনায় আওয়ামী লীগকে রায় দিয়েছে। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আগামী চার বছর দেশের শাসনকার্য পরিচালনা করবে।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধকালে যারা যানবাহন ভাংচুর ও পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করছে তারা রেহাই পাবে না। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে।

এ সময় স্বাধীনতার চেতনার ভিত্তিতে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।