গুলশান কার্যালয়ে ইইউ প্রতিনিধি দল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সংসদীয় মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধায় সাড়ে ৬টায় তারা কার্যালয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন- জোসেফ উইডেন হোলজার, মারসিন গ্যাসিউইক, লেভেনটিক্যাসজি, ক্যারোলকারস্কী, ব্রিগিটটিবাটেইল্লি এবং ক্রিস্টিয়ান ড্যানপ্রিদা।
সূত্র জানায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক সংসদীয় উপ-কমিটির ছয়সদস্যের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিযার সঙ্গে সাক্ষাৎ করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় উপ-কমিটির সভাপতির নেতৃত্বে পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছান তারা। সফরকালে বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। গত দুই দশকে এটাই ইইউ সংসদীয় মানবাধিকার বিষয়ক উপ-কমিটির প্রথম বাংলাদেশ সফর। ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ সফরে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সংসদের বিরোধী দলের নেতা জাতীয় পার্টির রওশন এরশাদ, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও তারা বৈঠক করবেন বলে জানা গেছে।
চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যা, আইনের শাসন, শিল্পখাতে শ্রম অধিকারসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে প্রতিনিধি দলটি।
এএইচ/পিআর