মান্নার সঙ্গে কথোপকথন স্বাভাবিক আলাপ : খোকা
মাহমুদুর রহমান মান্নার সঙ্গে কথোপকথনকে স্বাভাবিক রাজনৈতিক আলাপ দাবি করে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। মঙ্গলবার আমেরিকা থেকে পাঠানো এক বিবৃতিতে সাদেক হোসেন খোকা একথা বলেন।
বিবৃতিতে খোকা বলেন, মান্নার সঙ্গে এই আলাপকে ঘিরে পলায়নপর অবৈধ সরকারের মন্ত্রী ও এমপিরা ঘোলা পানিতে মাছ শিকারের নির্লজ্জ অপচেষ্টায় লিপ্ত। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই মিথ্যা অভিযোগের ধুয়া তুলে মাহমুদুর রহমান মান্নাকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে অজ্ঞাত স্থানে বন্দি করে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, তীব্র জনরোষের ভয়ে আতঙ্কিত সরকার নানারকম বায়বীয় অভিযোগ সৃষ্টি করে চলমান আন্দোলন লড়াইকে দমনের নীলনকশা বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, মাহমুদুর রহমান মান্না একজন খ্যাতিমান ব্যক্তিত্ব এবং সুপরিচিত রাজনীতিবিদ। তার সঙ্গে আমার সাম্প্রতিক টেলিফোন কথোপকথনের বিষয়টি চলমান আন্দোলনের গতি-প্রকৃতি ও কর্মকৌশল নিয়ে অতি স্বাভাবিক আলোচনা। এখানে সরকারের প্রচার সন্ত্রাসীদের ভাষায় ‘লাশ ফেলে দেয়ার’ কোনো কথা হয়নি।
বিবৃতিতে তিনি মাহমুদুর রহমান মান্নাসহ সব রাজবন্দির মুক্তি ও জবরদখল ভুমিকা থেকে সরকারকে সরে আসার আহবান জানান।
এএইচ/পিআর