পরাজিত শক্তি মানুষ হত্যা করে অপচেষ্টা চালাচ্ছে


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৯ মার্চ ২০১৫

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর দোসররা আবারও আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বৃহস্পতিবার নীলফামারিতে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ৭১’এর পরাজিত শক্তি মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ৩০ লাখ মানুষ হত্যা করে মুক্তিযুদ্ধ ঠেকাতে পারেনি। আজ তাদের দোসররা আবারও আন্দোলনের নামে সাধারণ মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

আসাদুজ্জামান নূর আরো বলেন, ২০ দলীয় জোট ঘরে বসে বিবৃতি দিয়ে আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। তবে এদেশের মানুষ তাদের এ অপচেষ্টা প্রতিহত করবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।