বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবরূপ লাভ করেছে : ছায়েদুল হক


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৯ মার্চ ২০১৫

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবরূপ লাভ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। বৃহস্পতিবার মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর ও বঙ্গবন্ধু ফিশারিজ পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শোষণহীন সুখীসমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখে বলেছিলেন স্বাধীন বাংলাদেশে কোন মানুষ একবেলাও না খেয়ে থাকবে না বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ পুরণ হয়েছে। বাংলাদেশের অর্থনীতি আজ শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর ৬৬ সালের ৬ দফা ছিল বাঙ্গালির গণতান্ত্রিক এবং অর্থনৈতিক মুক্তির সনদ। তিনি বাংলার গরিব-দুঃখী-মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর ডাকে ৩০ লক্ষ শহিদের রক্তের আখরে লেখা আমাদের স্বাধীনতা।

তিনি প্রশ্ন রেখে বলেন, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, যিনি এদেশর স্বাধীনতা এনে দিলেন, তাঁর কি অপরাধ ছিল যে তাকে খুন হতে হলো ?

অনুষ্ঠানে বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ করলে আজকের শিশুরাই উন্নত দেশ গঠনে অবদান রাখবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কৃষিবিদ ইন্সস্টিটিউট এর মহাসচিব মো. মোবারক আলী এবং যুগ্ম সচিব মো. আনিছুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।