সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিৎ : আমু
শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসাবে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিৎ। গত বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে না এসে তারা (বিএনপি) ভুল করেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। পাকিস্তানের সহায়তায় দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে অপচেষ্টা চালাচ্ছে বিরোধী জোট। কিন্তু দেশের মানুষ তাদের সহিংসতায় সাড়া না দিয়ে উন্নয়নের পক্ষে রয়েছে।
শনিবার সকালে বরিশাল সরকারি বিএম কলেজের ১২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু তাই বলে ঘুমন্ত মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করার অধিকার কারো নেই। আন্দোলনের নামে তিনি (খালেদা জিয়া) সাধারণ খেটে খাওয়া মানুষের প্রাণ কেড়ে নিচ্ছেন।
আমু আরো বলেন, দেশ যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল প্রতিবন্ধকতা জয় করে কঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে, তখনই বিএনপি-জামায়াত মিলে দেশকে ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংশ করার জন্য পরীক্ষার সময় হরতাল-অবরোধের মত সহিংস কর্মকাণ্ড অব্যাহত রাখছে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশীদ। এছাড়া বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: জিয়াউল হক, জেলা প্রশাসক মো: শহীদুল আলম, শিক্ষাবিদ সিরাজ উদ্দিন আহমেদ, প্রফেসর মো: হানিফ, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কলেজের ভিপি মঈন তুসার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএস/আরআই