সিটি নির্বাচন : তৎপর হচ্ছেন বিএনপির প্রার্থীরা


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২১ মার্চ ২০১৫

ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে ইতিবাচক মনোভাবের পর এবার প্রকাশ্যে আসতে শুরু করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। এতো দিন দলীয় সিদ্ধান্তের কারণে কেউ প্রকাশ্যে প্রার্থীতার কথা না জানালেও এবার মাঠে নামতে শুরু করেছেন। তোড়জোড় শুরু করেছেন কিভাবে দলীয় সমর্থন পাওয়ার।

সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু এবং এম এ কাইয়ুমের নাম আলোচনায় রয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক এমপি নাসির উদ্দিন পিন্টু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নাম আলোচনায় রয়েছে।

সূত্র বলছে, তারিখ চূড়ান্ত করার পর থেকেই যেন টনক নড়েছে বিএনপির। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও নির্বাচনের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন। কাকে প্রার্থী করা যায় বা বিএনপি নির্বাচন বর্জন করবে কিনা এ বিষয়ে দলটি সিদ্ধান্ত শিগগিরই চূড়ান্ত হচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিএনপির হাইকমান্ড। পাশাপাশি ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। নির্বাচনের বিষয়ে তৃণমূলের চাপ থাকায় বিএনপির হাইকমান্ড বিষয়টি বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হতে চাইছে।

সর্বশেষ শুক্রবার রাতে বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবীরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচনে যাওয়ার পক্ষেই খালেদাকে মত দিয়েছেন বলে সূত্র জানিয়েছে। এসব বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সঙ্গে খালেদার বৈঠকের পরই বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম ঢাকা মহানগর দক্ষিণে মেয়র পদে নির্বাচন করার আগ্রহের কথা গণমাধ্যমকে জানান।

সূত্র আরো জানায়, বিএনপির অধিকাংশ নেতাই চাইছেন ডিসিসি ও চট্টগ্রাম নির্বাচনে বিএনপির অংশগ্রহণ। তাদের অভিমত, আন্দোলনের অংশ হিসেবেই বিএনপির সিটি নির্বাচনে অংশ নেয়া উচিত।

বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও প্রার্থী মনোনয়ন নিয়ে দলের মধ্যে চলছে তুমুল আলোচনা। অনেকেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিএনপিও ভাবছে সিটি নির্বাচনে অংশ নিলে যেন প্রার্থীরা পরাজিত না হয়। এ জন্য ক্লিন ইমেজের প্রার্থী মনোনয়নের কথাই ভাবছে দলীয় হাইকমান্ড।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব) মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, সিটি করপােরেশন নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দল ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। এ ব্যাপারে প্রক্রিয়া চলছে।

তিনি জানান, ‘বিএনপি চাইছে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের জন্যই বিএনপি আন্দোলন করছে। তবে সিটি নির্বাচনকেও বিএনপি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।’

মাহবুবুর রহমান আরো বলেন, ‘সিটি নির্বাচনের তারিখ চূড়ান্ত করার পর থেকেই নির্বাচন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আশা করছি পজিটিভ কিছু হবে। ঢাকা এবং চট্টগ্রামসহ তৃণমূল নেতাকর্মীদের চিন্তাভাবনা আমরা ভেবে দেখছি। তবে আন্দোলনকে থামিয়ে দেয়া যাবে না। আন্দোলনের অংশ হিসেবেই এ নির্বাচন হবে। সিদ্ধান্ত এখনও প্রক্রিয়াধীন।’

তবে দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, তিন সিটি করপোরেশনে অংশ নেয়ার বিষয়ে এখনাে চূড়ান্ত কােনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে যথাসময়ে জানানো হবে।

এমএম/এসএ/আরএস/পিআর/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।