ক্ষমতায় যাওয়ার প্রধান সোপান নির্বাচন : এরশাদ
নির্বাচন ক্ষমতায় যাওয়ার প্রধান সোপান বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইডিইবি) ভবনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের চলমান নির্বাচন পদ্ধতির পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীদের পক্ষে সকলকে কাজ করতে হবে। দেশে আজ পেট্রলের আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার যে গণতন্ত্র চলছে তা থেকে জনগণ মুক্তি চায়। দেশের মানুষ শান্তি চায়। আর জাতীয় পার্টিই কেবল সেই শান্তি ফিরিয়ে দিতে পারবে।
তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন ও উপজেলা ব্যবস্থা পুরোপুরি কার্যকর করবো। আমলাদের হাত থেকে উপজেলাকে মুক্ত করে জনগণের শাসন কায়েম করবো।
এরশাদ বলেন, আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির আমলের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। এই নির্বাচনে জয়ী হতে পারলে জাতীয় নির্বাচনেও আমরা জয়ী হবো।
অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জনগণকে জাতীয় পার্টির উন্নয়নের রাজনীতির কথা জানাতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য যারা মানুষ হত্যা করে তাদেরকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।
এ সময় সভায় ঢাকা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের দলের ঘোষিত দক্ষিণ ও উত্তরের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমদ মিলন ও বাহাউদ্দিন বাবুলকে দলীয় নেতা-কর্মীদের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সাল চিশতি , ঢাকা সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনের দলের ঘোষিত দক্ষিণ ও উত্তরের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমদ মিলন ও বাহাউদ্দিন বাবুল প্রমুখ।
আরএস/আরআই