তারেকের বিরুদ্ধে আরো একটি মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর করিম এ মামলাটি দায়ের করেন।
ঢাকা মহানগর হাকিম ইউনুস খান মামলাটি আমলে নিয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জানা গেছে, তারেক রহমান গত বছরের ১১ নভেম্বর লন্ডনে বিএনপি শাখা আয়োজিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।
তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’
পরের দিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। তার এ বক্তব্যে আওয়ামী লীগের একশ’ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
আরএস/আরআই