ঢাকা উত্তরে মেয়র পদে লড়বেন কবরী
বহুল আলোচিত আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্র সংগ্রহ করেছেন অভিনেত্রী কবরী সারোয়ার। গতকাল রোববার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন বলে সোমবার জাগো নিউজকে নিশ্চিত করেছেন কবরীর প্রপার্টি ম্যানেজার শহীদুল ইসলাম।
দলীয় সমর্থন না পেয়েও নির্বাচন করা প্রসঙ্গে কবরীর পক্ষে শহীদুল ইসলাম বলেন, ‘এখানে দলের কোনো সমস্যা নেই। যে কেউ নির্বাচন করতে পারেন। জনগণ যাকে ভালো মনে করবেন তার হাতেই নেতৃত্ব তুলে দিবেন। আমাদের প্রত্যাশা, অনেক বেশি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে দল শামীম ওসমানকে সমর্থন দিয়েছিলো। কিন্তু সেখান থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনের ফলাফল নির্ভর করে জনগণের উপর। এবারেও তাই হবে।
ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে তার (কবরী) সাঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের একক প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক। সে বিষয়ে তিনি আরো বলেন, আনিসুল হককে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। ম্যাডামের সততা, ঢাকাবাসীর কল্যাণের ইচ্ছাই উনাকে জয়ী করবে ইনশাল্লাহ।
এর আগে ২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য মনোনিত হন কবরী। নারায়ণগঞ্জ থেকে নির্বাচন করতে গিয়ে তৃণমূল পর্যায়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-এর জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ হিসেবে খ্যাত এ অভিনেত্রী। আগামী ৩ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এলএ/আরএস