হরতাল চলছে, আওতামুক্ত ঢাকা ও চট্টগ্রাম মহানগরী


প্রকাশিত: ০৩:১৫ এএম, ৩০ মার্চ ২০১৫

চলমান অবরোধের পাশাপাশি আবারও হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। রোববার জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুম হওয়া অন্য নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া, বিরোধী দলের সব রাজবন্দির মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি এই হরতাল পালিত হবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে জোটের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

৬ জানুয়ারি থেকে সারাদেশে অবরোধ পালন করছে ২০ দল। ফেব্রুয়ারির শুরু থেকে প্রতি সপ্তাহের পাঁচ কর্মদিবসে অবরোধের পাশাপাশি হরতাল দিয়ে আসছিল তারা। গত বুধবার থেকে অবরোধ চললেও কোনো হরতাল ছিল না। পরিবর্তে দুদিন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।