পুলিশবিহীন কার্যালয়ও নেতাকর্মীশূন্য
টানা তিন মাস পর কার্যালয়ের সামনে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হলেও দলের কোনো নেতাকর্মীদেরকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যাচ্ছে না। কার্যালয়টি এখনো সেই জীর্নশীর্ণ অবস্থাতেই পড়ে রয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তবে কার্যালয়টি এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে।
শনিবার বেলা ১১টায় এই প্রতিবেদন লেখার সময় কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। এমনকি সাদা পোশাকধারী কোনো গোয়েন্দা সদস্যকেও দেখা যায়নি।
এদিকে বিএনপি নেতাদের অভিযোগ কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার করা হলেও সাদা পোশাকধারী গোয়েন্দাদের কার্যালয়ের আশেপাশেবে রাখা হয়েছে। কার্যালয়ে প্রবেশ করতে চাইলে দলটির নেতাকর্মীদের আটক করার নতুন কৌশল সরকার অবলম্বন করছে বলেও অভিযোগ করেন তারা।
তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশি টহল কেন রাখা হয়নি, তা বলার এখতিয়ার আমার নেই। ডিএমপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলার জন্য তিনি জানান।
পরে এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন বিভাগের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েনও করা হয়নি, প্রত্যাহারের বিষয়ও নেই। যেকোনো জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়, আর কোনো প্রয়োজনীয়তা না থাকলে পুলিশ সরিয়ে নেয়া হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন অভিযোগ করে বলেন, আমরা এখনো কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারিনি। দলের নীতি নির্ধারকদের জানানো হয়েছে।
তিনি বলেন, পোশাকধারী পুলিশ সদস্যদের দেখা না গেলেও এখনো কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
পুলিশ প্রত্যাহার করার পরও কেন কার্যালয়ে প্রবেশ করছেন না, এমন প্রশ্নের জবাবে তিনি তিনি বলেন, অফিসে ঢুকবো কীভাবে? ৩ জানুয়ারি রাতে পুলিশ অফিসে তালা দিয়ে চাবি নিয়ে গেছে।
এমএম/বিএ/আরআইপি