খালেদার আদালতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত কাল
দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে যাবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত রোববার সকালের পরিস্থিতির উপর নেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আদালতে যেতে চান। পর্যাপ্ত নিরাপত্তা পেলে রোববার তিনি আদালতে যাবেন। তবে সরকারের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে রোববার।
বিচারক আবু আহমেদ জমাদার গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রোববার গ্রেফতারি পরোয়ানা নিয়েও শুনানি হওয়ার কথা রয়েছে।
বিএ/এমএস