খালেদাকে প্রতিহতের ঘোষণা হাছান মাহমুদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৩ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে খালেদা জিয়া এখন সিটি নির্বাচনে ভোট চাইতে মাঠে নামলে তাকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধন পূর্ব সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় তিনি খালেদা জিয়াকে অবরুদ্ধ করারও দাবি জানান। আইন পাস করে হরতাল-অবরোধ বন্ধের দাবি ও বিএনপি জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাসান মাহমুদ বলেন, ‘ঢাকা এবং চট্টগ্রামের মানুষের কাছে বিএনপি ভোট চাইতে এলে তা কোনো অবস্থাতেই তারা মেনে নেবেন না। খালেদা জিয়া তিনমাস ধরে যে জ্বালাও-পোড়াও করছেন তা আর অব্যাহত থাকতে দেয়া যাবে না। তাকে অবরুদ্ধ করতে হবে, দমাতে হবে।’

তিনি বলেন, ‘মানুষের যেসব মানবিক গুণাবলী থাকে তা তার (খালেদা জিয়া) নেই। তিনি এখন হায়েনার চেয়ে হিংস্র প্রাণীতে পরিণত হয়েছেন।’

হাছান বলেন, ‘বিক্ষুব্ধ জনগণ লাল কার্ড দেখাবে মির্জা আব্বাস, মনজুর আলম ও আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে। সে জন্য বিএনপি নানা প্ল্যান তৈরির অপচেষ্টা চালাচ্ছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে দেশে হরতাল-অবরোধ অব্যাহত থাকবে কি না। যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়বে কি না এবং পেট্রলবোমাবাজি বন্ধ হবে কি না।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।