তাবিথের প্রচারে মা নাসরিন আউয়াল
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছেলে তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন মা নাসরিন আউয়াল। রোববার বিকেলে রাজধানীর গুলশানের দুটি পার্ক এবং বনানী এলাকায় ছেলের প্রচারপত্র বিলি করেন তিনি। তাবিথ বাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
নাসরিন আউয়াল বলেন, “তাবিথ যেমন আমার ছেলে, তেমনি আমাদেরও ছেলে। আমি কথা দিচ্ছি, সে নির্বাচনে জয়যুক্ত হলে ঢাকা উত্তর একটি সুন্দর নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবে।”
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুর স্ত্রী নাসরিন উইমেন অন্ট্রাপ্রিনিয়রস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিন্টু। কিন্তু তার প্রার্থিতা বাতিল হলে অরাজনৈতিক তাবিথকে সমর্থন দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে।
বিএনপি আনুষ্ঠানিক সমর্থক জানানোর আগে নাসরিন আউয়াল ছেলেকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছিলেন। তবে প্রচারে রোববারই প্রথম নামলেন।
নাসরিন আউয়াল সাংবাদিকদের বলেন, “আমার ছেলে নতুন প্রজন্মের প্রার্থী। তার বিষয়ে তরুণদের বিপুল সাড়া আমি পাচ্ছি।”
ঢাকা উত্তরে মিন্টুর ছেলে তাবিথের প্রধান প্রতিদ্বন্দ্বী এফবিসিসিআইয়ের সাবেক আরেক সভাপতি আনিসুল হক।
একে/আরআইপি