সিটিতে ‘নীরব বিপ্লব’ ঘটাতে বললেন খালেদা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জনগণকে সরকারের বিরুদ্ধে ‘নীরব বিপ্লব’ ঘটানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নববর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে দল-সমর্থিত তিন মেয়র পদপ্রার্থীর জন্য ভোট চাওয়ার পাশাপাশি এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকাবাসীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, আপনারা বাস ও মগ মার্কায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবেন।
তিনি বলেন, মির্জা আব্বাসকে আপনারা আগেও ভোট দিয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আব্বাসকে ভোট দিয়ে আবারো সেবা করার সুযোগ দিন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের জন্য ভোট চেয়ে খালেদা জিয়া বলেন, তাবিথ অনেক শিক্ষিত, বাইরে থেকে পড়াশোনা করা। তাঁর নিজের ব্যবসা আছে। তাঁর তো প্রয়োজন ছিল না এখানে আসার। তবুও এসেছে। তাঁর কাছে নগর নিয়ে নতুন ভাবনা আছে। এ সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।
একে/আরআই