বহিষ্কারের তালিকায় আওয়ামী লীগের দেড় শতাধিক প্রার্থী
দলীয় সিদ্ধান্ত না মেনে রাজধানীর দুই সিটিতে ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করলে তাদের দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ তালিকায় রয়েছেন প্রায় দেড় শতাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী। বুধবার রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসায় সিটি নির্বাচন সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বক্তব্য রাখেন কাজী জাফর উল্লাহ, মাহবুব-উল আলম হানিফ, ড. আবদুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুর রহমান, এম এ আজিজ, এস এম কামাল হোসেন, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।
বিশেষ আমন্ত্রণে দল সমর্থিত দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকনও বৈঠকে অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যারা দলের সিদ্ধান্তের বাইরে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদের বৃহস্পতিবার থেকে ডেকে কথা বলা হবে। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে বসে দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে নির্দেশনা দেওয়া হবে। না হলে দলের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত পদ থেকেও তাদের বহিষ্কার করা হবে।
বৈঠক সূত্র জানায়, দলের সভায় দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ড. আবদুর রাজ্জাক বলেন, ইতিমধ্যে দক্ষিণ সিটিতে দল সমর্থিত প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। বিদ্রোহীদের সর্ম্পকেও খোঁজখবরও নেওয়া হয়েছে। কেউ কেউ বসে যাবেন বলে দায়িত্বশীল নেতাদের জানিয়েছেন। দল সমর্থিত প্রার্থীদের জন্য বিদ্রোহী প্রার্থীরাই বড় বাধা হয়ে দাঁড়াবেন।
দক্ষিণের সমন্বয়কের এমন কথা প্রসঙ্গে দলের সিনিয়র নেতারা বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে, তাদের ব্যাপারে বৃহস্পতিবার থেকেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এএইচ/এআরএস/পিআর