বিএনপি-জামায়াত সরকারের দৃশ্যমান উন্নয়নেও মিথ্যাচার করে


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জামায়াত ও বিএনপি‘র একমাত্র পুঁজি মিথ্যাচার করা। তারা বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়নের বিষয়েও মিথ্যাচার করে। এ কারণে বিএনপি-জামায়াত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২৭টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, এ সরকারের আমলে দেশে কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। যার প্রমাণ হিসেবে দেশে ইতিহাস হয়ে থাকবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা। চৌদ্দগ্রামই হবে মহাজোট সরকারের উন্নয়নের মাইলফলক।

তিনি বলেন, অবরোধ-হরতাল দিয়ে বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করে দেশ ধ্বংসের পায়তারা করেছে। সরকার হটাও আন্দোলনের কথা বলে তারা রাজপথে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে।

মুজিবুল হক আরও বলেন, কিন্তু জনগণ তাদের এসব ধোঁকাবাজি বুঝে গেছে। তাই মানুষ তাদের (বিএনপি-জামায়াত) প্রত্যাখান করেছে। তারা লজ্জায় এখন আর আন্দোলনের কথা বলে না।

মুজিবুল হক বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী, ধোঁকাবাজি আর লুটপাটে নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই সাধারণ মানুষের পেটে ভাত থাকে, কৃষকের মুখে হাসি থাকে, স্কুল-কলেজ, মাদ্রাসা-মক্তব, মসজিদ-মন্দির আর রাস্তা ঘাটে উন্নয়ন হয়, মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে।

পৌরভবনের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে জনসভায় আরও মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁঞা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান প্রমুখ।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।