আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২১নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেছেন, তার জনপ্রিয়তা দেখে কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. হামিদ খান মিথ্যাচার করে তার নামে কুৎসা রটাচ্ছে এবং তার চরিত্র হননের ও চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আসাদ বলেন, গতকাল (বুধবার) হামিদ খানের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনায় তিনি আমাকে এবং আমার কর্মী সমর্থকদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তার এ মিথ্যাচারের নিন্দা জানানোর ভাষা আমার নেই। কোন সুস্থ বিবেকবান মানুষ তার এ বক্তব্য সমর্থন করতে পারে না। তার ক্যাম্পে ভাংচুরের ঘটনায় আমি কিংবা আমার কোন কর্মী সমর্থক জড়িত নয়।
উল্টো নিজের উপর হামলা করা হয়েছে দাবি করে তিনি বলেন, গত ১৮ই এপ্রিল শিববাড়ীতে তার সাঙ্গ-পাঙ্গরা আমার নির্বাচনী ক্যাম্পে ঢুকে আমার কর্মীদের উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় মামুন নামে আমার এক কর্মী আহত হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়াও গতকাল জাতীয় জাদুঘরের সামনে নির্বাচনী প্রচার চালানোর সময় তারা আমার কর্মীদেরকে গালিগালাজ করে। আমি এ সকল ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
এমএইচ/আরএস/আরআই