রাজনৈতিক অঙ্গনে জঙ্গি-সন্ত্রাস মোকাবেলা করছে দেশ : ইনু


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৯ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

পরিবেশের অভিঘাত মোকাবেলার পাশাপাশি বাংলাদেশকে রাজনৈতিক অঙ্গনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কর্নেল তাহের মিলনায়তনে ‘স্বদ্বীপ উন্নয়ন ফোরাম লিমিটেড’ আয়োজিত ‘১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে হতাহতদের স্মরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রকেও ঝাঞ্জা-বিক্ষুব্ধতা থেকে রক্ষা করতে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসের হোতাদের রাজনীতির অঙ্গন থেকে বিদায় জানানোর বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশের অর্জিত সক্ষমতা ইতোমধ্যেই বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। এ সময় পরিবেশ ও দুর্যোগ বিষয়ে কর্মরত দেশি ও বিদেশি সংস্থাসহ সচেতন জনগণকে অভিনন্দন জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, দেশ ও বিদেশে কর্মরত কুষ্টিয়ার কৃতি সন্তানদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কুষ্টিয়ামুখী করার মাধ্যমে কুষ্টিয়াকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বুকেও সম্মানের আসনে আসীন করা সম্ভব। এ সময় তিনি মরমি সাধক লালন শাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাঙাল হরিনাথ, মীর মশাররফ হোসেনসহ সকল বিজ্ঞজনের কথা উল্লেখ করেন।

স্বদ্বীপ উন্নয়ন ফোরামের সভাপতি সালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হালিম, স্বদ্বীপ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক নূরুল আখতার, ড. প্রশান্ত ব্যানার্জি প্রমুখ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।