বোনজামাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতেন দুই ভাই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ এএম, ১২ মে ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তিন ছিনকাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের রমনা বিভাগ

রাজধানীজুড়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতো একটি সংঘবদ্ধ চক্র। অটোরিকশার যাত্রী ও পথচারীদের টার্গেট করে মোবাইল ফোন, ব্যাগ ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত তারা।

অবশেষে পুলিশের ধাওয়া ও অভিযানের মুখে ধরা পড়েছে চক্রটির তিন সদস্য। তাদের মধ্যে দুইজন আপন ভাই এবং আরেকজন তাদের বোনজামাই।

গ্রেফতাররা হলেন- পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিব আপন দুই ভাই। তাদের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়। বিপ্লব হোসেন তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন।

jagonews24

পুলিশ জানায়, রোববার গভীর রাত থেকে মোটরসাইকেলে করে ছিনতাই করা একটি চক্রকে নজরদারিতে রাখা হয়েছিল। ভোরের দিকে ধানমন্ডি ২৭ এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করেন।

পুলিশের দাবি, মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে চক্রের এক সদস্যের পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তবে চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন।

অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

এ ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মীর আসাদুজ্জামান বলেন, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তারা মূলত অটোরিকশার যাত্রী ও একা চলাচলকারী পথচারীদের টার্গেট করতো।

এদিকে, ছিনতাইকারীদের আটকের খবর পেয়ে মোহাম্মদপুর থানায় যান পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিন। তিনি জানান, শনিবার রাতে ল্যাবএইড হাসপাতালের সামনে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, প্রথমে বুঝতে পারিনি এটি ছিনতাই। পরে দেখি আমার ব্যাগ নিয়ে তারা দ্রুত পালিয়ে গেছে। আজ থানায় এসে জানতে পারলাম চক্রটির সদস্যদের ধরা হয়েছে।

টিটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।