২৪ দিন পর আবার গুলশান কার্যালয়ে খালেদা


প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

তিন মাস ‘অবরুদ্ধ’ থাকার পর ২৪ দিন আগে গুলশানের অফিস থেকে নিজের বাসা ফিরোজায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৪ দিন পর বুধবার আবার গুলশানের কার্যালয়ে গেলেন তিনি।

সিটি কর্পোরেশন নির্বাচনের পরদিন বুধবার রাত সোয়া ৮টার দিকে তিনি গুলশানের বাসা থেকে কার্যালয়ে যান।

এরপর আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ঢাকায় এই ফোরামের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছিলেন বিএনপি নেতারা।

বৈঠকে শওকত মাহমুদ, জাফরুল্লাহ চৌধুরী, আ ফ ম ইউসুফ হায়দার, মাহফুজউল্লাহ ছিলেন। এক পর্যায়ে এসে যোগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

অধ্যাপক এমাজউদ্দীন সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা।

“নির্বাচনে যা ঘটেছে, গণমাধ্যমেও তা এসেছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

ভোট জালিয়াতির অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরেই সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের পর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে।

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করতেই তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন।

আনোয়ার হোসেন জানান, ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তারা। উদ্যান কর্তৃপক্ষের অনুমতি পেলেও পুলিশের অনুমতি এখনও মেলেনি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।