এখনো সেরে ওঠেননি রিয়াজ রহমান
হামলার ১০২ দিন পরও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান। চিকিৎসা নেয়ার পাশাপাশি বিশ্রামে থেকেই সময় কাটাচ্ছেন খালেদা জিয়ার এই উপদেষ্টা।
তার পারিবারিক সূত্র জানায়, দিনের বেশিরভাগ সময় অসুস্থ থাকছেন রিয়াজ রহমান। তাই পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। তবে আগের চেয়ে তার শারিরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে।
তার স্ত্রী জাগো নিউজকে জানিয়েছেন, রিয়াজ রহমানের সুস্থ হতে আরো সময় লাগবে। তিনি বাসায় থাকছেন। পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন।
বিএনপি চেয়ারপরসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জাগো নিউজকে বলেন, গুলির ক্ষতগুলো এখনো শুকায়নি। পুরোপুরি সুস্থ হতে রিয়াজ রহমানে আরো সময় লাগবে।
প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরের ডরিন টাওয়ারের পাশে হামলার শিকার হয়েছিলেন তিনি। ওই দিন রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে তিনি নিজ বাসায় ফিরছিলেন। গুলশান-২ নম্বর চত্বর থেকে বনানীর দিকে যাওয়ার রাস্তায় ডরিন টাওয়ারের পাশে তার প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-১৯-৩৬৭৮) যাওয়ামাত্রই তিনটি মোটরসাইকেলযোগে ছয় যুবক তার পথরোধ করে।
এসময় দুই যুবক মোটরসাইকেল থেকে নেমে রিয়াজ রহমানের গাড়ির পেছনের দিকের গ্লাস ভেঙে ভেতরে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। রিয়াজ রহমান দ্রুত গাড়ি থেকে নামার সময় তার পিঠের নিচের দিকে দুটি ও বাম পায়ে দুটি গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ রিয়াজ রহমান গাড়ি থেকে নেমে এলে দুর্বৃত্তরা তার গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা পালিয়ে গেলে পথচারী ও পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।
সেসময় রিয়াজ রহমানকে গুলির প্রতিবাদে অবরোধের মধ্যেই সারাদেশে হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। খালেদা জিয়া ও দলটির বিভিন্ন নেতারা সরকারের উস্কানিতেই রিয়াজের ওপর এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছিলেন।
এমএম/বিএ/আরআই