বিএনপি নির্বাচনের ট্রেন থেকে মাঝপথে নেমে পড়েছে : ওবায়দুল কাদের


প্রকাশিত: ১০:২১ এএম, ০৭ মে ২০১৫

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের ট্রেন মিস করার পর নির্বাচনের ট্রেনে উঠেও মাঝপথেই নেমে পড়েছে বিএনপি। সিটি নির্বাচনকে অগ্রহণযোগ্য প্রমাণিত করার অপচেষ্টা চালিয়ে বিএনপি আন্দোলনের নতুন ইস্যু তৈরি করার যে চেষ্টা চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে।

তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রংপুরের মেডিকেল মোড়ে দুর্ঘটনা প্রবণ বাঁক (ব্লাক স্পট) উন্নযন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

৩ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশ নেয়া ষড়যন্ত্র উল্লেখ করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। বহুদলীয় গণতন্ত্রে কেবল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থাকবে তা হতে পারে না। নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত সকল দলই যে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে।

বিএনপি সিটি নির্বাচন বয়কট করার পরও উল্লেখযোগ্য ভোট পেয়েছে দাবি করে তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকলে তিন সিটির একটিতে হলেও জয়লাভ করতে পারতো বিএনপি।

স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে দীর্ঘ সময়ের সংশয় অবিশ্বাসের দেয়াল ভেঙে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক মাইলফলক রচনা করলেন বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদে বিরোধী দলের প্রকৃত ভূমিকা পালন করতে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি না চাইলে তার দলের সদস্যরা সরকারের মন্ত্রী সভায় থাকবেন কেন।

১২৬ কোটি টাকা ব্যয়ে রংপুর নগরীর ৪ লেন মহাসড়কের কাজ মে মাসেই শেষ হচ্ছে জানিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, আগামী মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন বলে আমরা আশা করছি।

রংপুর জোনে ৩৫টি দুর্ঘটনা প্রবণ বাঁক তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি টাকা বলেও জানান ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।