বেগম জিয়া ধুয়া তুলসির পাতা : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ০৯ মে ২০১৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, `বেগম জিয়ার শাসনকালে শেখ হাসিনাকে হত্যা করার জন্য তিনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। আজকেও তিনি জনগণের চোখের সামনে আগুন যুদ্ধ পরিচালনা করছে। এতে অনেক মানুষ আগুনে পুড়ে মারা গেছে। তাই আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকাণ্ডের মামলা তো হতেই হবে। কিন্তু খালেদা জিয়া ভাবটা এমন করছেন যেন আগুন যুদ্ধ বাংলাদেশে হয়নি। কোন অদৃশ্য ভূত মানুষ পুড়িয়ে হত্যা করেছে। উনি যেন ধোয়া তুলসির পাতা।`  শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, আগুন সন্ত্রাসীদের গণতন্ত্রের ওড়না পড়ে বাংলাদেশের রাজনীতিতে হালাল করা যাবে না। সেখানে বেগম খালেদা জিয়া মধ্যযুগীয় রানী নন যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না।  

রাজনীতি থেকে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেছেন,  জামায়াত ইসলামকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে এ সিদ্ধান্তটা আইনগত। যেহেতু অতীতে সামরিক শাসনের হাত ধরে জামায়াত ইসলাম বৈধতা পেয়েছে তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্রকে যদি পরিস্কার-পরিচ্ছন্ন করতে হয় তাহলে জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করাই উচিত।

এসময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।