জনস্বার্থে রাজনীতি করুন : কামরুল
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, গণতন্ত্রের স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করুন। নেতিবাচক রাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতির দিকে ফিরে আসুন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ড. ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, গত ৫ জানুায়ারির জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ও সিটি নির্বাচন থেকে পালিয়ে গিয়ে বিএনপি ভুল করেছে। তারা এ ভুল থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবে।
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপি ভাঙচুর, মানুষ পুড়িয়ে মারাসহ যে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছিল তা বন্ধ করে তারা সিটি নির্বাচনে অংশ নিয়েছিল।
সংগঠনের সদস্য ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এমএ করিম, প্রফেসর আব্দুল মান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এএসএস/এএইচ/এমএস