সোমবার ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক-হীন উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলায় চার্জ গঠনের প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তারা বলেন, তামাশার নির্বাচনের মাধ্যমে গঠিত এই অবৈধ সরকার পুরোটাই মানসিক ভারসাম্যহীন হয়ে হিতাহিত জ্ঞান ভূলে গেছে। তা না হলে দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপির মতো একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপারসনকে কীভাবে গাড়ি পোড়ানোর মতো ঠুনকো মামলায় জড়িয়ে চার্জ গঠন করা হয়।
নেতৃদ্বয় হুঁশিয়ার করে দিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ছাত্রদলের নেতা-কর্মীরা রুখে দিবে এবং এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে ফেলবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক এ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটসমূহকে নির্দেশ প্রদান করেছেন।
এমএম/বিএ/এমএস