সরকারের ব্যর্থতায় মানবপাচার বেড়েছে : বিএনপি


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১০ মে ২০১৫

কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ব্যর্থ হওয়ায় দেশে মানবপাচার বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল আয়োজিত প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিপন অভিযোগ করে বলেন, দেশের অধিকাংশ যুবক বেকার। কারণ সরকার তাদের জন্য পর্যাপ্ত কর্মক্ষেত্র সৃষ্টিতে ব্যর্থ হচ্ছে। ফলে যুবকরা চেষ্টা করে দেশের বাইরে কর্মসংস্থান বা চাকরির খোঁজে দালালের মাধ্যমে প্রতারিত হয়ে পাচার হচ্ছেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, গুম-খুন ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। হিংসা-বিদ্বেষ পরিহার করে সমঝোতা ও সংলাপে বসুন। কারণ সংলাপের মাধ্যমেই দেশের রাজনৈতিক সঙ্কট থেকে বের হয়ে আসা সম্ভব।

তিনি বলেন, বর্তমান রাজনীতি ও গণতন্ত্র কঠিন সময় পার করছে। গণতন্ত্র আজ খাদের কিনারায়। এ থেকে বের হয়ে আসতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পিন্টুর স্মৃতিচারণ করে রিপন বলেন, ত্যাগের জন্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিএনপির উদীয়মান নেতাদের জন্য তিনি মাইলফলক হয়ে থাকবেন।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।