আন্দোলনে ব্যর্থ হয়ে ঘরে খালেদা : তোফায়েল আহমেদ


প্রকাশিত: ১১:২৭ এএম, ২০ মে ২০১৫

সরকার ও ব্যবসায়ী এক থাকায় বছরের শুরু থেকে ৯২ দিন আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর মতিঝিল দিলকুশায় ইউনুস টাওয়ারে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) নতুন অফিস উদ্বোধনের সময় তনি এ কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চেয়েছিলেন ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ করে দিয়ে অন্দোলন সফল করতে। এ জন্য টানা ৯২ দিন সহিংস আন্দোলন করেছে। কিন্তু সরকার ও ব্যবসায়ী এক হয়ে দেশের পণ্যের সাপ্লাই চেইন ঠিক রাখায় ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছে।

বাংলাদেশের অর্থনৈতির বেশিভাগ সূচক ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীরা যদি তাদের সহযোগিতা ও উন্নয়নের ধারায় অব্যাহত থাকে তাহলে ভিশন ২০২১ বাস্তবায়ন সম্ভব হবে।

চীনের বিনিয়োগ বাড়ানো আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ১৯৭৪ সালের ৪ অক্টোবর থেকে। তারা সব সময় বাংলাদেশে বিনিয়োগে সহযোগিতা করে আসছে। আমরা ১৭টি বাণ্যিজিক অঞ্চল তৈরি করবো। বিনিয়োগ বাড়াতেও শিল্প কারখানা স্থাপনে চীন যে অঞ্চল চাইবে সেই অঞ্চল দেওয়া হবে।

অনুষ্ঠানে বিসিসিসিআই-এর সভাপতি গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিল্পমন্ত্রী ও বিসিসিসিআইয়ের উপদেষ্টা দিলিপ বড়ুয়া ও বিসিসিসিআইয়ের অন্যান্য কর্মকর্তারা।

এসআই/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।