সংসদে স্বতন্ত্র, বাইরে আওয়ামী লীগ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৩ মে ২০১৫

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। কিন্তু সংসদে স্বতন্ত্র এমপি। শুধু স্বতন্ত্র এমপিই নয়, সংসদে প্রায়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করেন। প্রস্তাবিত আইনে আনেন সংশোধনী। কিন্তু সংসদের বাইরে গেলেই দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সরব উপস্থিতি। তিনি হলেন ঢাকা-৭ (লালবাগ-চকবাজার- কোতয়ালী-বংশাল) আসনের এমপি হাজী সেলিম।

দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। আর সেই সময়ের এমপি ও আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করেন।

এরপর সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের সংসদের বাসভবনে সরকারের নির্দেশে স্বতন্ত্র এমপিদের নিয়ে বৈঠক করেন হাজী সেলিম। সেই বৈঠকে হাজী সেলিমকে স্বতন্ত্র সংসদ সদস্যদের সভাপতি নির্বাচিত করা হয়। সেই থেকে তিনি সংসদে স্বতন্ত্র এমপি হিসেবে ভূমিকা পালন করছেন। পাশাপাশি আবার আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নও চেয়েছিলেন কিন্তু পাননি।

জানা যায়, স্বতন্ত্র এমপি হিসেবে হাজী সেলিম সংসদের অনির্ধারিত আলোচনা, আইন প্রণয়ন, প্রশ্নোত্তর পর্বে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সমালোচনা করেন। এমনকি ছাত্রলীগের সামালোচনা করে রোষানলেও পড়তে হয় তাকে।

সংসদে মন্ত্রীদের আনীত বিলে সাধারণত কোনো সংশোধনী কিংবা জনমত যাচাইয়ের প্রস্তাব করেন না নিজ দলের এমপিরা। এমনকি অধিকাংশ স্বতন্ত্র এমপি এ বিষয়ে চুপ থাকেন। নবম জাতীয় সংসদের স্বতন্ত্র এমপি ফজলুল আজিম ছিলেন ব্যতিক্রম। মেধা, প্রজ্ঞা আর পরিশ্রমের মাধ্যমে তিনি একাই সংসদে অনুপস্থিত বিএনপির বিকল্প হয়ে উঠেছিলেন। কিন্তু দশম সংসদে তিনি নেই। তার জায়গা নেওয়ার চেষ্টা করছেন হাজী সেলিম। ফজলুল আজিমের মতো ততোটা ক্ষীপ্র না হলেও হাজী সেলিম স্বমহিমায় সংসদে উজ্জ্বল। বিভিন্ন সময় সরকারের সমালোচনা ছাড়াও নিষ্প্রাণ সংসদে হাস্যরসের উদ্রেগ করেন তিনি।

সেলিমের সংসদের এ চরিত্র বাইরে গেলেই পাল্টে যায়। ঢাকা মহানগরের আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত হাজির থাকেন তিনি। বক্তব্য দেন সরকারের পক্ষ নিয়ে।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় জাগো নিউজকে তিনি বলেন, আমি তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের একজন সৈনিক। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে স্বতন্ত্র এমপি পদে নির্বাচন করতে হয়েছে। তাই সংসদে স্বতন্ত্র ভূমিকা পালন করি। আর বাইরে আওয়ামী লীগের। এ দু`য়ের মধ্যে কোনো বিরোধ দেখি না।

এইচএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।