হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
‘হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন’ শীর্ষক খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর শিশুটির পাশে দাঁড়িয়েছেন ডা. জুবাইদা রহমান। এরই মধ্যে অসুস্থ শিশুটির চিকিৎসা এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি বিষয়টি তদারকির দায়িত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ কে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেয় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে এক প্রতিনিধি দল। এসময় তারা শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেন। পাশাপাশি তারা অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন– আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।
আরও পড়ুন
হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
রোগ সারানো নয়, স্বাস্থ্য ব্যবস্থার রুগ্ন দশা সারিয়ে তুলতে ব্যস্ত সরকার
প্রকাশিত সংবাদ অনুযায়ী, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগা শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।
চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যে একাই সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন স্বর্ণা আক্তার। হাসপাতালের খরচ বহন করতে না পেরে তিনি প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসেন। এমনকি চিকিৎসার মাঝপথে অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও ফিরে যেতে বাধ্য হন।
কেএইচ/কেএসআর