মোদির সফরে জামায়াতের অভিনন্দন


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০২ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিনন্দনের কথা জানান। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, এ সফরে সীমান্ত হত্যা বন্ধ করা, তিস্তার পানিবণ্টন বিষয়টি সুরাহা হবে।
 
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, `ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীরা আগামী ৬ ও ৭ জুন বাংলাদেশ সফরে আসছেন। আমি তাদের এ সফরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মাঝে বিরাজমান সমস্যার সুষ্ঠু সমাধান হবে বলে বাংলাদেশের জনগণ আশা করে।`
 
বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন, মোদির সফরে ছিটমহল বিনিময়, অদখলীয় ভূমি হস্তান্তর, অনিষ্পন্ন সীমানা নির্ধারণ, দু`দেশের ৫২ হাজার ছিটমহলবাসীর নাগরিক সমস্যার স্থায়ী সমাধান হবে। জনগণ আশা করে, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশ পাবে। টিপাইমুখ বাঁধ নির্মাণ ও সীমান্ত হত্যা বন্ধ হবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।