কারাফটক থেকে ফের গ্রেফতার জামায়াত নেতা শামসুল
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলামকে কারাফটক থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ। জামিনে মুক্তি পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বুধবার দুপুর ১২টায় কারাফটক থেকে পুনরায় তাকে গ্রেফতার করে।
কারাগার সূত্র জানায় তার বিরুদ্ধে ১০টি মামলা ছিল। সবগুলো মামলায় ইতিমধ্যে জামিন লাভ করেন তিনি। সর্বশেষ নগরীর পাঁচলাইশ থানার একটি মামলায় বুধবার জামিন পাওয়ার পর তাকে বেলা ১২ টায় মুক্তি দেয়া হয় বলে জানান, চট্টগ্রামের ডেপুটি জেল সুপার মনির হোসেন।
গত বছরের ১৩ মে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াত আমির সাবে সাংসদ মাওলানা শামসুল ইসলাম। তখন তার বিরুদ্ধে ৫ টি মামলা ছিলো। ওইসব মামলায় জামিন নিয়ে মুক্তি পাওয়ার দিনই গত বছরের ১৫ জুলাই তাকে আবার গ্রেফতার হয়। এরপর তার বিরুদ্ধে আরো ৫ টি মামলা দায়ের হয়। সেগুলোতেও তিনি জামিন পেয়েছেন। বেশিরভাগ মামলাই হরতাল অবরোধের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা হয় বলে জানান ডেপুটি জেলা সুপার।
জামায়াত নেতা শামসুলকে পুনরায় গ্রেফতারের কথা স্বীকার করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান জানান, তাকে নতুন করে আরো কয়েকটি মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।
এসএইচএস/আরআই